স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার অভিযুক্ত আসামি মনসুরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৪ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকতা আদালতের কাছে এই আসামির জন্য রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
পুলিশ এই আসামিকে গত ২০ মে ভোরে আটক করেছিলো। এই আসামিসহ প্রধান আসামি হামিদুর রহমান সোহাগ আটক হওয়ার আগে আটক ৩ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত।
এর আগে গত ৩ জুন সকালে এই মামলার প্রধান আসামি আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি তার ৭ পৃষ্ঠার জবানবন্দীতে আটক মনসুরসহ আরো ৪ জনের নাম প্রকাশ করেছে। প্রধান আসামি আরো জানিয়েছে এ ঘটনা তিনি একা করেননি।
১৪ জুন, ২০২০।
