ভূমি কর্তৃপক্ষের সাথে সনাকের মতিবিনিময় সভা

ভূমি অফিসকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত হিসেবে তৈরি করার চেষ্টা করছি
………….. চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি)


প্রেস বিজ্ঞপ্তি
‘ভূমি খাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে ও চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় সদর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজিব। তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত অফিস তৈরি করার চেষ্টা করছি। তবে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিস স্বচ্ছতার সাথে সেবা প্রদান করে যাচ্ছে। দালালের দৌরাত্ম্য তেমন নাই। তবে সাধারণ জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এখনো অনেক মানুষ আছে যারা এখনো জানে না কোন অফিসে কোন সেবা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, মিউটেশানে আগে অনেক সময় লাগতো। ই-মিউটেশান হওয়ার কারণে খতিয়ান পেতে তেমন সময় লাগে না। কাগজপত্র সব ঠিক থাকলে সরকার নির্ধারিত সময়ের মধ্যে মিউটেশান সম্পন্ন করা হয়। ভূমিসেবা পেতে সাধারণ জনগণ যাতে কোন ধরনের হয়রাণীর শিকার না হয় সেক্ষেত্রে সরকারও সচেষ্ট আমরাও সচেষ্ট। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তবে মধ্যস্বত্বভোগীদের কারণেই সব সমস্যার সৃষ্টি হয়। ইতোমধ্যে দালাল নির্মূলের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ভূমিসেবা সম্পর্কে জনগণ না জানার কারণেই মূলত দালাল চক্রের উদ্ভব হয়েছে। জনগণের ভোগান্তি হ্রাস করার জন্য দায়বদ্ধতা শুধু আমাদেরই না জনগণেরও আছে। ভূমি সেবার ক্ষেত্রে সাধারণ জনগণকে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, এসি ল্যান্ড অফিস, রেজিস্ট্রী অফিস ও সেটেলমেন্ট অফিসের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এই তিনটি অফিসের কাজ ভূমি সম্পর্কিত হলেও তা ভিন্ন রকমের। আর এ কারণেও অনেক সময় সমস্যার সৃষ্টি হয়।
তিনি বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধিতে বিলবোর্ড আকারে কোন দপ্তরে কি সেবা পাওয়া তা উপস্থাপন করার চেষ্টা করছি। সরকারি সম্পত্তি উদ্ধার ও দখলদারদের কাছ থেকে সম্পত্তি উদ্ধারের জন্য সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সনাক-চাঁদপুরের সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য এবিএম নজরুল আমিন সাজু।
বিগত সভার কার্যবিবরণীর সারসংক্ষেপ উপস্থাপন ও ভূমি বিষয়ক বেইজ লাইন সার্ভে এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা।
ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের পরবর্তী কার্যক্রম উপস্থাপন করেন সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু। সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রাপ্ত সেবার মানোন্নয়ন, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাসে আলোচনায় অংশগ্রহণ করেন তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. লতিফ মিয়া গাজী।
এছাড়ও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খাদিজা আক্তার, লক্ষীপুর মডেল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহমুদা বেগম, আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপ নারায়ণ চক্রবর্তী, ইব্রাহীমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার, বাগাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া, পৌর ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদার, বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার সাহা, লক্ষীপুর মডেল ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিতাই চন্দ্র দে, হানারচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান, শাহতলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বনাথ দাস, সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো রাপ্রু মগ, প্রধান সার্ভেয়ার মো. সাখাওয়াত হোসেন, সার্ভেয়ার আর্য্যনন্দ তঞ্চঙ্গা, সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সহ-দলনেতাবৃন্দ।