কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান
……নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানটির টেকসই অগ্রযাত্রায় সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। গতবছরের মতো এবছরও বিশ্বব্যাপী মহামারির কারণে জনসমাগম না করে তথ্য-প্রযুক্তি নির্ভর প্রচার-প্রচারণার মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবাসহ কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ এবং স্বাস্থ্য-সুরক্ষায় নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব সম্পর্কে জনগণকে জানাতে হবে।
তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে হবে যাতে করে চলমান সংকট কাটিয়ে উঠতে পারি এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আমরা প্রস্তুতি নিতে পারি। আমি বিশ্বাস করি এ ব্যাপারে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা পালন করবে।
গত রোববার (২৩ মে) মতলব উত্তর উপজেলার নাউরী কমিউনিটি ক্লিনিকের কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি।
নুরুল আমিন রুহুল এমপি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ধারণার প্রবর্তন করেন। তিনি মাত্র সাড়ে তিন বছরেই দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তদানীন্তন মহকুমা ও থানা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছিলেন। জাতির পিতার স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নেয়ার প্রয়াসে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদের শুরুতেই আমরা প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে দেশব্যাপী মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই আলোকে ২০০০ সালের ২৬ এপ্রিল জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে দেশের সর্বপ্রথম ‘গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠা করে এর শুভ সূচনা করা হয় এবং ২০০১ সালের মধ্যেই আমরা ১০ হাজার ৭ শত ২৩টি অবকাঠামো স্থাপনপূর্বক প্রায় ৮ হাজার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. একেএম মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন।
২৫ মে, ২০২১।
