মতলবের মমতা-মার্শাল ও করিম কোল্ড স্টোরেজে ৭৫ হাজার টাকা জরিমানা

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকায় তিনটি কোল্ড স্টোরেজকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কোল্ড স্টোরেজে আলু মজুদ ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করার অভিযোগে মমতা মার্শাল ও করিম আইস এন্ড কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন এ জরিমানা করেন।
জানা গেছে, ওই কোল্ড স্টোরেজগুলোতে পর্যাপ্ত আলু মজুদ রেখে বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরী করা এবং সরকার নির্ধারিত ২৭ টাকা মূল্য আলু বিক্রি না করে কেজিপ্রতি ৩৪-৩৮ টাকা মূল্যে কৃষক/ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার অভিযোগে এ জরিমানা করা হয়। এ সময় জেলা মার্কটিং অফিসার এনএম রেজউল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন বলেন, কোল্ড স্টোরেজগুলোতে আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরীর দায়ে এ জরিমানা করা হয়েছে। মজুদকৃত আলু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহের ব্যবস্থাগ্রহণে কোল্ডস্টোরেজ মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
০২ নভেম্বর, ২০২০।