মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রাথমিকভাবে ধারণা করেন।
ওই বাজারের একটি লেপ-তোষকের দোকানে প্রথম আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন নিভাতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে ব্যবসায়ীসহ ৭ জন আহত হয়েছেন।
বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম হাজরাসহ একাধিক ব্যক্তি বলেন, সালাউদ্দীনের লেপ তোষকের দোকান থেকে আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই চারটি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বাজারের পাশের অন্যান্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল- তফাজ্জল হোসেন হাজরার বড় মুদি দোকান, সালাউদ্দীনের লেপ-তোষকের দোকান, আ. মতিনের চায়ের দোকান ও নাসির উদ্দীনের কাচা মালের আড়ৎ। সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানদার, তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। যার সিংহভাগ এনজিও থেকে ঋণ নেয়। তবে ক্ষতিগ্রস্ত সবাই ঋণগ্রস্ত গরিব ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও এলাকার লোকজন বলেন, স্থানীয় এমপি সরেজমিনে এসে সবকছিু দেখে যেনো তাদের পাশে দাঁড়ান। এমপি’র সাহায্য ছাড়া তারা ঘুরে দাঁড়ানোর আর কোন রাস্তা নাই। তাদের ঋণের বোঝা ও ব্যবসা চালু না করতে পারলে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওইদিন দুপুরে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ঘটনাস্থলে ছুটে যান। তিনি ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে এবং সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
১ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত
Post navigation
