ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

বিদ্যুৎ ব্যবহারে আমাদের মিতব্যয়ী হতে হবে
………প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সজীব খান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতাধীন কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমাদের সবাকেই মিতব্যয়ী হতে হবে। অযথা বিদ্যুৎ অপচয় না করে, বিদ্যুৎ ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। কারণ, বিদ্যুতে সরকারকে এখনো অনেক ভর্তুকি দিতে হচ্ছে। দেশের জনগণকে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালাবো। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ জরুরি। তাই বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ জেলা প্রশাসকের কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলায় এ যাবৎ ১,৮৯৫ কিলোমিটার লাইন টেনে ১ লাখ ৭১ হাজার ৪শ’ ২৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। অপরদিকে কচুয়া উপজেলায় ১৫৯৫.২৭০ কিলোমিটার লাইন টেনে ১ লাখ ১৭ হাজার ৭শ’ ৮৯ জন গ্রাহককে সংযোগ দেওয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত হলো এ দু’টি উপজেলা।
১ সেপ্টেম্বর, ২০২০।