মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ৫ নভেম্বর উপজেলার জোড়পুল বাজারে শিশু মেলা স্কুলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হয়। নির্বাচনে ২৩১ জন ভোটারের মধ্যে ২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট তিনটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সংগঠনের সাবেক সভাপতি মো. আবু জাফর পাটওয়ারী ও মো. নজরুল ইসলাম (বাবুল হাজী) প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত পদে চেয়ার প্রতিক নিয়ে ১০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু জাফর পাটওয়ারী। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল হাজী ছাতা প্রতিক নিয়ে ৯৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতিক নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রাসেল পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম সরদার গোলাপফুল প্রতিক নিয়ে ৯৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ উল্ল্যাহ খান দোয়াতকলম প্রতিক নিয়ে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহবুব আলম তালা-চাবি প্রতিক নিয়ে ৮৪ ভোট পেয়েছেন।
এদিকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হয় সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন প্রধান।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। সহকারি প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা সঞ্চয় দাস। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের এডহক কমিটির আহ্বায়ক মো. জয়নাল হাজারী।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শরীফ খান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. সাইফুল ইসলাম ও নূর মোহাম্মদ।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
Post navigation
