স্টাফ রিপোর্টার
মতলবে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত এবং ৩৫টিরও বেশি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার মতলব সেতুর টোল প্লাজা এলাকায়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যোগদানের জন্য সকাল ৮টা থেকে মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর টোল প্লাজা এলাকায় নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন। গত শুক্রবার বিকেলে টোল প্লাজায় পথসভার জন্য একটি মঞ্চও তৈরি করে এক পক্ষের লোকজন। সকাল সাড়ে নয়টায় মঞ্চের পাশ দিয়ে মাহবুবউল আলম হানিফ এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শহরে যাওয়ার সময় নেতা-কর্মীরা তাদেরকে অভিনন্দন জানান। এসময় ওই মঞ্চে ওঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। পরে সেখান থেকে জেলা শহরের উদ্দেশে রওনা দেন। সেখানে আরেক গ্রুপের লোকেরা মিছিল বের করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। ভেঙে ফেলা হয় মঞ্চ। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে আহত হয়েছেন ১০ জন।
আহত ব্যক্তিদের মধ্যে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার শরিফ মিয়া, আজমত উল্লাহ ও মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকার মো. নাঈমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। উভয় পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৩ অক্টোবর, ২০২১।
