মতলবে নারী কর্মীদের বেতনের চেক বিতরণ

প্রধানমন্ত্রী নারীদের কর্মসংস্থান ও ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন
…….নূরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কর্মসংস্থান ও ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের দরবারে নারী নেতৃত্বের প্রতিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শেখ হাসিনা নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য বিশ্ববাসীর কাছে আজ প্রশংসিত হচ্ছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। সেজন্য শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণের সাথে সারা দেশে অবকাঠামো উন্নয়ন করে চলছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্প আওতাধীন মতলব দক্ষিণ উপজেলা কর্মরত নারী কর্মীদের বেতনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঐ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মতলব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা। পরে উপজেলায় কর্মরত নারী কর্মীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
এর আগে সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর ও কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
৬ সেপ্টেম্বর, ২০২০।