মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ইউসুফ হাজরা গ্রেফতারের ভয়ে শপথ না নেয়ায় তার ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। উপজলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ইউসুফ হাজরার বিরুদ্ধে মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার গত ১ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (১) (গ) ধারা মোতাবেক ৫নং উপাধি উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য হওয়ায় একই আইনের উপধারার ক্ষমতাবলে গত ২৩ ডিসেম্বর ২০২১ থেকে ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে ৫ থেকে ৭টি মামলা রয়েছে। মাদকের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয় ইউসূফ হাজরা। ২৭ ডিসেম্বর গেজেট প্রকাশ হয় এবং ১২ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউসুফ হাজরা ছাড়া সব সদস্য উপস্থিত ছিলেন। শপথের পরবর্তী ৩০ দিনের মধ্যে তিনি শপথ গ্রহণ না করায় তার ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।
০৮ মার্চ, ২০২২।
