মতলবে বন্ধুর হাতে খুনের ঘটনায় মামলা

আটক স্বামী-স্ত্রী জেলহাজতে

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে পরকীয়া জেরে খুনের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। গত ২৬ অক্টোবর রাত ১১টায় খুন হওয়া জাহাঙ্গীর আলম হাজীর স্ত্রী আসমা বেগম বাদী হয়ে পারুল বেগম ও তার স্বামী লিটনসহ অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়া স্বামী-স্ত্রী দু’জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গত শুক্রবার রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জাহাঙ্গীর আলম হাজী নামের হার্ডওয়্যার ব্যবসায়ী তারই প্রতিবেশী ও ঘনিষ্ট বন্ধু লিটন এবং তার স্ত্রী পারুল বেগমের হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠে। থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ওইদিনই স্বামী-স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইন-চার্জ স্বপন কুমার আইচ বলেন, এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। আটক হওয়া স্বামী-স্ত্রীকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।