স্টাফ রিপোর্টার
মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মতলব পৌরসভার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার ছিড়ে ফেলা হয় বলে জানান দলীয় নেতাকর্মীরা। জানা যায়, পঞ্চম ধাপে মতলব পৌর নির্বাচনে ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার পর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা তাদের প্রচার-প্রচারণা এবং পোস্টার-ব্যানার সাঁটানো শুরু করে দেন। পৌর বিএনপি’র নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই পৌর এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার টানানো হয়েছিল। কিন্তু শনিবার সকালে মতলব সদর এলাকার পূর্ব কলাদি, মধ্য কলাদী, ভাঙারপাড়, বোয়ালিয়া, নলুয়া, নবকলস, টিঅ্যান্ডটির মোড় ও কলেজ গেটসহ আরও কয়েকটি মহল্লায় ঝুলানো পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার বলেন, একটি চক্র আমাদের দলীয় প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলছে সেই সাথে সেগুলোতে তারা আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া নৌকার প্রচারণায় মিছিল থেকে মতলব বাজারের অগ্রণী ব্যাংক রথ বাজার এলাকায় বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বিএনপি মনোনীত প্রার্থীর এনামুল হক বাদল অভিযোগ করে বলেন, আমাদের টানানো পোস্টার ক্ষমতাসীনদের একটি চক্র ছিঁড়ে ফেলছে। প্রচারণায়ও তাঁকে বাধা দেয়া হচ্ছে। বিষয়টি আমি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তোয়ায়েল আহম্মেদকে লিখিতভাবে জানিয়েছি।
রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
