মতলব দক্ষিণ ব্যুরো
করোনার প্রাদুর্ভাব ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন ও বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। লকডাউনের দ্বিতীয় দিন গত শুক্রবার বেলা এগারোটায় মতলব বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। বাজারে লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় মতলব বাজারের ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং ব্যবসায়ীকে আটক করা।
মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে দ্বিতীয় দিনে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয় এবং ৬ জনকে আটক করা হয়। আটকদের বিকালে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম ও মতলব দক্ষিণ থানার এসআই আউয়াল। এছাড়া মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হায়দার মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সদস্য সমির ভট্রাচার্য্য বলুও উপস্থিত ছিলেন।
০৪ জুলাই, ২০২১।
