আইটি ট্রেনিং সেন্টারে মতলবের শিক্ষিত বেকার ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে…. নূরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল বলেছেন, আইটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে মতলবের শিক্ষিত বেকার ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। মতলবে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বেকারত্ব দূর হবে। এসএসসি ও এইচএসসি পাস তরুণরা আইটি ট্রেনিং নিয়ে বেকারত্ব দূর করতে পারবে।
তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলে কাজটি বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নেই। এই প্রকল্পটি ছিল চারতলা বিশিষ্ট। পরে আমি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে দাবি করলে তিনি ছয়তলা বিশিষ্ট ভবনের অনুমোদন দেন। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে মতলববাসী সমৃদ্ধশালী হবে।
তিনি মতলব দক্ষিণে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ডিজিটাল সার্ভে পরিদর্শন শেষে মতবিনিময় সভায় একথাগুলো বলেন। গত শুক্রবার (২৮ মে) দুপুরে উপজেলার উদামদী পাম্প হাউস মাঠে অনুষ্ঠিত সভায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শেখ রাসেল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক একেএম আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) সাইফুল ইসলাম বলেন, এই প্রকল্পটি আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরিদর্শন করে গেছেন। তখন তিনি জমি নির্ধারণ করে গেছেন। তারপর থেকেই প্রকল্পটির কাজ শুরু করে সরকার। আমরা আশা করি দ্রুতই প্রকল্পটির কাজ বাস্তবায়ন হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, কৃষি ব্যাংক কর্মকর্তা আবু জাফর মহিউদ্দিন, মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম বুলু, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ।
এর আগে ধনাগোদা নদী সংলগ্ন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিবেশন সেন্টারের প্রস্তাবিত স্থান ও ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি, শেখ রাসেল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক একেএম আব্দুল্লাহ খান, আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম ও উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
৩০ মে, ২০২১।
