মতলবে সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার :
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বারেগাঁও গ্রামের মৃত ইদ্রিছ বেপারীর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করলে আদালত ওই সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেন। মামলার অভিযোগ মর্মে জানা গেছে, পৈয়ারী খোলা মৌজার খতিয়ান নং- ৯২৩,৪৭০১ হাল দাগে ১৮ শতক জমি হোসনেয়ারা বেগমের স্বামী মৃত ইদ্রিস ব্যাপারী সম্পত্তি রেখে যায়। ওই সম্পত্তি তার মৃত স্বামী ইদ্রিস ব্যাপারীর নামে বিএস ফাইনাল ৯২৩ খতিয়ানে সঠিক ও শুদ্ধমতে বাংলাদেশ জরিপে চূড়ান্তভাবে মুদ্রিত হয়েছে। যা ১৯৯১-৯২ সালে ১০১২ নং জমা খারিজে ৭৫০ নং খারিজ খতিয়ানভুক্ত হয়। সম্প্রতি একই গ্রামের মৃত মনছুর আলী মিয়াজীর ছেলে আমিনুল ইসলাম গং জোরপূর্বক অন্যায় ও বেআইনীভাবে দখল ও নালিশী ভূমির আকার পরিবর্তন এবং হস্তান্তর মূলক দলিল করার পাঁয়তারা করে। ২৯ অক্টোবর আমিনুল গং দলবল নিয়ে নালিশী ভূমিতে ফসলাদি সৃজনে বাধা ও হুমকি ধমকি প্রদান করে। বিষয়টির প্রতিকার চেয়ে মৃত ইদ্রিস বেপারীর ছেলে রবিউল আলম গং ১ নভেম্বর মতলব সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকাদ্দমা নং ২৭৫/২০১৭ এর মাধ্যমে অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে মোকাদ্দমা চলাকালে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
তাছাড়া রবিউলদের বসতবাড়িতে ৩০ অক্টোবর অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তার মা হোসনেয়ারা বেগম চাঁদপুরের আমলী আদালতে ১ নভেম্বর মৃত মনছুর আলীর ছেলে আমিনুল ইসলামসহ ১১ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
সম্পত্তি দখল ও অগ্নিসংযোগের বিষয়ে আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।