মতলব উত্তরের জাকির হত্যা মামলার প্রধান আসামি মাহবুব মোল্লা নারায়ণগঞ্জে আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মাহবুব মোল্লাকে গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। মতলব উত্তর থানা পুলিশ আটক মাহবুব মোল্লা আনতে ছুটে যান সিদ্ধিরগঞ্জ থানায়। মাহবুব মোল্লা আটকের খবরে নিহত জাকির হোসেনের স্ত্রী, সন্তান-স্বজন ও ষাটনল ইউনিয়নের সর্বস্তরের জনগণ খুশি প্রকাশ করেছেন। ঘটনার পর থেকে মাহবুব মোল্লা পলাতক ছিলেন।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোকন, মো. বাবু ও রঙ্গুখারকান্দির সিরাজ সরকার ষাটনল বাবু বাজার থেকে আবু বাজার যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুব মোল্লার নেতৃত্বে লাঠি, সোটা, রড, দা, ছেনা ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন করে। এ হামলায় ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোকন, মো. বাবু ও রঙ্গুখারকান্দির সিরাজ সরকার গুরুতর আহত হয়। দীর্ঘ ২৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক আহত জাকির হোসেন (৪২) কে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেনের ভাগনি রঙ্গুখারকান্দি গ্রামের মুন্নি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় মাহবুব মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখপূর্বক আরো ৭-৮ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।