মতলব উত্তরে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি খলিফাপাড়া গ্রামে আগুনে লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। ঘর মালিক শহীদ ফকিরের অভিযোগ রাতের আধাঁরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে।
গত সোমবার সকালে সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানায়, হযরত আলী আর্সাদ লেংটার ছেলে শহীদ ফকিরের বসতঘরে কে বা কারা আগুন দেয়। চোখের পলকে চাল ও ঘরের কাড় পুড়ে যায়। আগুন দেখে শহীদ ফকির ও তার স্ত্রী ডাকচিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্যে রক্ষা পায় অনেকগুলো পরিবার ও পুরো খলিফা পাড়া গ্রামটি।
মৃত আর্সাদ লেংটার ছেলে শহীদ ফকির বলেন, আমি ওই সময় আমার বাবার মাজারের সামনে বসেছিলাম। হটাৎ দেখি ঘরের পিছনের পাশে উপর থেকে আগুনের গোলা এসে পড়ল। সাথে সাথেই ঘরের চালা পুড়ে গেল। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ধারণা পেট্রোল মেরে কেউ আগুন দিয়েছে, নাহয় এত দ্রুত আগুন ছড়াতো না। যারাই এ কাজটা করেছে তারা পরিকল্পিতভাবে করেছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
এদিকে ঘটনার পর খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মো. গোলাম আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনা দেখে ধারণা করা হচ্ছে পরিকল্পিত। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
৯ সেপ্টেম্বর, ২০২০।