মতলব উত্তরে এসি মিজানের নেতৃত্বে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে

মনিরুল ইসলাম মনির
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার বাংলাবাজার বেড়িবাঁধে গাড়ি স্ট্যান্ড, সাহেব বাজার, আমিরাবাদ ও নতুন বাজারসহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান)। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার মা। এমন একজন নেত্রীকে বহুবার হত্যা করার জন্য চেষ্টা করেছে ঐ বিএনপি-জামায়াত। কিন্তু সফল হয়নি।
মিজানুর রহমান আরো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীতে বিএনপি নেতা কর্তৃক আবারো হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আমি দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহজারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকারসহ নেতৃবৃন্দ।

২৭ মে, ২০২৩।