মৃত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় মাদরাসা ছাত্র মো. শাহিন (১৪) নামে এক কিশোরের লাশ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের রহমত প্রধানের ছেলে মো. শাহিন (১৪)। মো. শাহিন আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, হত্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি হাঁস চুরিকে কেন্দ্র করে একই গ্রামের মোহাম্মদ মিয়াজ উদ্দিনের ছেলে মো. বাবু ও তার সাথে থাকা লোকজন মিলে মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় শাহীনকে মারধর করে এবং তার পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে যায়। গতকাল বুধবার (২৪ মার্চ) সকালে মো. শাহিনের লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে মতলব উত্তর থানা পুলিশকে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহত মো. শাহিনের মা শান্তি বেগম বলেন, আমার ছেলেকে হাঁস চুরির মিথ্যা অভিযোগে রাস্তায় একা পেয়ে বেধম মারে, পরে আমার বাড়িতে এসে আমাকেও মেরে ফেলার হুমকি দামকি দিয়ে যায় মো. বাবু।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহজাহান কামাল বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
২৫ মার্চ, ২০২১।
