মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকা থেকে চুরি যাওয়া আটটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার সন্ধ্যায় পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর সদর মডেল থানায় মোটর সাইকেল চুরির একটি মামলার সূত্র ধরে পিবিআই তদন্ত শুরু করে। ওই ঘটনায় ২৩ ডিসেম্বর মতলব উত্তর উপজেলার বাপ্পি (২১), হাসান আহাম্মেদ ও মো. রাজিব (২১) নামে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে নারায়ণগঞ্জ ও মতলব উত্তরে অভিযান চালিয়ে আটক করে। ওই সময় তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরচক্রের সদস্য আটক হওয়ার পর পুলিশ বেশ কিছু তথ্য পায়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিরুল ইসলাম মীর একটি বিশেষ দল গঠন করে। ওই দলটি মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর চরাঞ্চল এলাকা থেকে মামলার ঘটনায় সরাসরি জড়িত চোরচক্র কর্তৃক চোরাই আটটি মোটরসাইকেল উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের সময় আটক করা আসামিরা চুরি করা মোটরসাইকেলগুলো নদীর ওই পাড়ে বিক্রি করে আসছে বলে জানায়। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলগুলো উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ পর্যন্ত ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২৩।
