স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক হবে নতুন প্রজন্ম
…….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। আর এজন্য প্রধানমন্ত্রী সকল পদক্ষেপই নিয়েছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক হবে নতুন প্রজন্ম। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ৪টি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। তাই প্রথমেই আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
গতকাল বুধবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ জন শিক্ষার্থীকে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সবাই এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শিক্ষার্থীরা মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, উপজেলা পরিসংখ্যান অফিসার সুশীল চন্দ্র সরকার, লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।
০৬ এপ্রিল, ২০২৩।
