মতলব উত্তরে ভিক্ষুক পুনর্বাসন

মনিরুল ইসলাম মনির
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে মতলব উত্তর উপজেলায় ১শ’ ৯ জন ভিক্ষুককে হাঁস-মুরগী, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে ছেংগারচর পৌরসভার ১১জন ভিক্ষুককে হাঁস-মুরগী, ছাগল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশকে ভিক্ষুকমুক্ত করার জন্য উদ্যোগ হাতে নিয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় এই উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দরিদ্রবান্ধব সরকার। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বর্তমান সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তাসহ বিভিন্ন ভাতা দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। গৃহহীনদের ঘর নির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামিতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আনতে হবে।

১৭ জুন, ২০২০।