মতলব উত্তরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের আশাদ লেংটার বাড়িতে মাদকের আস্তানা উচ্ছেদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কালির বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

কালির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. রহমান বকাউলের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, জঙ্গি ও মাদক সমাজ থেকে নির্মূল করে আমরা নতুন প্রজন্মের কাছে একটি শান্তিময় বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই। আমাদের সমাজ আমাদের ধর্ম কেউ মাদককে প্রশয় দেয় না। ২০৪০ সালে একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক বিক্রয়কারীদের হুঁশিয়ারী করে দিচ্ছি এ ব্যবসা ছেড়ে দেন। যারা মাদকে জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, মাদক থেকে আমাদের সন্তানদের দূরে না রাখতে না পারলে সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব না। মাদকাসক্তরা সমাজের শত্রু, তাদের প্রতিহত করা সবার দায়িত্ব। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় এলাকার ইউপি সদস্য সেলিশ মোল্লাসহ ৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এ মামলার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফয়সল, ইউপি সদস্য মো. মিলন বেপারী, আ.লীগ নেতা হাজী আ. খোরশেদ, মাইজ ভান্ডার শরীফের খলিফা মো. শাহজাহান, বাগানবাড়ী শ্রমিক লীগের সভাপতি মাসুম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল, রায়েরকান্দি জামে মসজিদের সাধারণ সম্পাদক দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খলিফা পাড়ার পক্ষে শফিকুল ইসলাম, আ. মমিন।

৯ অক্টোবর, ২০২০।