মতলব উত্তরে মেঘনায় ২ জেলে আটক, নৌকা-জাল জব্দ

উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের অভিযান

মনিরুল ইসলাম মনির
অভয়াশ্রম চলাকালীন সময়ে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩শ’ কেজি জাটকা মাছ, ৩টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জন জেলেকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী মেঘনা নদীতে অভিযান চালানো হয়। ইউএনও আশরাফুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা যায়, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. মালুম ইসলামের ছেলে মামুন (২৫) ও মো. আক্তার হোসেনের ছেলে ফরহাদ (২৩) উপরোক্ত ২জন আটক করেছে নৌ পুলিশ। আটক ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকালে পৃথক অভিযানে জব্দকৃত ২শ’ কেজি জাটকা কোর্টে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ১শ’ কেজি জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইউএনও মো. আশরাফুল হাসান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরার সময় ৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩শ’ কেজি জাটকা মাছ, ৩টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২ জন জেলেকে আটক করা হয়েছে। জাটকা নিধন বন্ধে আমাদের প্রশাসন বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

০৯ মার্চ, ২০২৩।