মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে গজরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিজান ও আরোহী রাহিম নিহত হয়। আরোহী রাহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার সময় মতলব উত্তরের গজরা ইউনিয়নের টরকি কান্দা চৌরাস্তায় ফ্রেশ কোম্পানি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক মারা গেছে। অপর আরোহী মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেংগারচর বাজারগামী ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যান গজরা বাজারের দক্ষিণে টরকি কান্দা চৌরাস্তায় আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ডান চাকায় পিষ্ট হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিজান ও আরোহী রাহিম মারাত্মক আহত হয়। পরে চিকিৎসার জন্য তাদের মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে চালক সিজান পথিমধ্যে মারা যায়। মোটরসাইকেলের অপর আরোহী রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলের চালক ও আরোহী মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন ঘটনাস্থলে চলে আসে। পরে ঘাতক কাভার ভ্যান ও চালকে পুলিশ আটক করে মতলব উত্তর থানায় নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, মতলব উত্তর থানার পুলিশ কাভার্ডভ্যান ও চালককে আটক করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, মোটর সাইকেল চালক সিজান ও আরোহী রাহিম মারা গেছে।
রাহিম ও সিজানের পাশাপাশি দাফন
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো মতলব উত্তরের সিজান ও রাহীম। মতলব উত্তর উপজেলার লুধুয়া আহম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে কয়েক সহস্রাধিক লোকের উপস্থিতিতে একসাথে দু’জনের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গতকাল সোমবার (৩১ আগস্ট) বাদ আসর লুধুয়া মাদ্রাসা গোরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। জানাযা পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। এলাকার গ্রহণযোগ্য ও জনপ্রিয় এই দুই তরুণের মৃত্যুতে স্থানীয়রা ছিল শোকে মুহ্যমান।
নিহত দু’জনের বাড়িই উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামে। নিহত সিজান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়তো এবং তার বাবার নাম মানিক বেপারী। নিহত রাহিম লুধুয়া স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল এবং তার বাবার নাম হেলাল উদ্দিন।
জানাযার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন তোফায়েল হোসেন পাটোয়ারী। জানাযায় ফতেপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল, মতলব উত্তর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
গত রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে গজরা ইউনিয়নাধীন সোনা মিয়া মার্কেট সংলগ্ন পণ্যবাহী ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন চালকের আসনে থাকা ফতেপুর পূর্ব ইউনিয়নাধীন লুধুয়া গ্রামের মানিক বেপারির ছোট ছেলে সিজান। একই বাইকে থাকা নান্দুরকান্দি গ্রামের মো. হেলালের একমাত্র ছেলে রাহিম ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থা ঢাকা মেডিকেল নেয়ার পথে রাত ৯টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন।
সোমবার উভয় মরদেহের ময়নাতদন্ত শেষে মরহুমদের নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। হাজারো মানুষের উপস্থিতির শেষ যাত্রার রাহিম ও সিজান হেরে গেছেন বেপরোয়া গতির কাছে। দুর্ঘটনার আগে তিনটি মোটর সাইকেল যোগে রাহিম ও সিজানরা আসছিলো গজরা বাজার হয়ে লুধুয়ার দিকে। দুর্ঘটনায় বাকি দুই মোটর সাইকেল ও আরোহী অক্ষত থাকলেও তিনটি বাইকের মাঝখানে থাকা রাহিম ও সিজানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় কাভার্ডভ্যানের চাকার তলে।
চলতি মাস আগস্টের ২০ তারিখে ষাটনল ইউনিয়নাধীন ইমামপুর গ্রামের বাদশা খানের মেজো ছেলে সালেহ আহমেদ দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নাধীন পদুয়া মাজার সংলগ্ন মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
১ সেপ্টেম্বর, ২০২০।