মতলব উত্তরে ১৭শ’ কেজি বরফসহ পিক-আপ আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় ১৭শ’ কেজি বরফসহ পিক-আপ আটক করা হয়। এসময় পিকআপের চালকসহ ২জনকে আটক করে জনতা।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বরফ নষ্ট করে দেয় ইউএনও স্নেহাশিষ দাশ। আটকরা হলেন- দাউদকান্দি উপজেলার দোনারচরের মুক্তার হোসেন ও উত্তর সতানন্দী গ্রামের দুলাল হোসেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বাজার এলাকা থেকে জাটকা সংরক্ষণের জন্য আনা বরফ স্থানীয়রা জব্দ করে প্রশাসনের কাছে দেয়া হয়।
জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে ইলিশ বিচরণ ক্ষেত্রে ৬টি অভয়াশ্রমে ৪৩২ কিলোমিটার নৌ-সীমানায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ডসহ আর্থিক জরিমানার বিধান রয়েছে।

১১ এপ্রিল, ২০২১।