মতলব উত্তরে ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ

স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার থেকে ৩ দোকান ও দুই গোডাউন থেকে ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ এবং দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধ্বংসকারী ৪৫০ পিস চাই জব্দ করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ট চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ কারেন্টজাল ও চাই জব্দ করেন।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। ওই সময় বাজারের ৩ দোকান এবং দুই গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
০৪ আগস্ট, ২০২১।