মতলব উত্তর শিকারীকান্দিতে আগুনে ঘর ভস্মীভূত

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামে ডা. এসএম আসাদ উল্যার বাংলা ঘর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। গত মঙ্গলবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর মসজিদের মাইকে প্রচার করার পর গ্রামবাসীর সহায়তায় ৩০ মিনিট চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো লোকজনের ক্ষয়ক্ষতি না হলেও পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
ডা. এসএম আসাদ উল্যাহ বলেন, আমরা ঢাকায় স্বপরিবারে বসবাস করি। আমার বাড়ির প্রতিবেশী মনির হোসেনের সাথে জমি-জমার বিরোধ চলছে। তিনি একটি মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে। তিনি আমার ঘরে আগুন লাগাতে পারে বলে আমি মনে করি।
মনির হোসেন বলেন, আমার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাকে মারধর করায় থানায় মামলা করেছি। বাংলা ঘরে আগুন দিয়ে আমার লাভ কি? আমাকে ফাঁসাতে তারা নিজেরাই এ কাজ করেছে।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব উত্তর থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সঠিকভাবে বলা যাচ্ছে না।

৩০ মে, ২০২১।