মতলব খেয়াঘাটে ৪ টোল আদায়কারীর ২০ হাজার টাকা জরিমানা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় নৌকাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করায় ৪ টোল আদায়কারীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ আগস্ট) বিকাল ৪টায় মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হক অভিযান চালিয়ে এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব ব্যক্তিকে জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা- হলেন মো. খোরশেদ আলম, মো. নাজির, মো.তামিম ও মো. রওশন আলী। তাদের বাড়ি উপজেলার পশ্চিম বাইশপুর এলাকায়।
ইউএনও ফাহমিদা হক জানান, নৌকাঘাটে প্রত্যেক যাত্রীর কাছ থেকে সরকার-নির্ধারিত তিন টাকা করে টোল আদায়ের পরিবর্তে পাঁচ টাকা করে আদায়ের অভিযোগে ওই ৪ জনকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। নিয়ম মেনে টোল আদায় না করলে আবারও নৌকাঘাটে অভিযান চালানো হবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দীন মিয়া ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম।
৩০ আগস্ট, ২০২১।