মতলব দক্ষিণে অবৈধ কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলন

পানি সরাতে সরকারি রাস্তা কেটে বসানো হয়েছে পানির পাইপ

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে সরকারি রাস্তা কেটে ফসলি জমি থেকে অবৈধ কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবুল খায়ের খাঁন নামে ওই প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে।
সরজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খাঁন বাড়ির মো. আবুল খায়ের খাঁন প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে ফসলি জমি থেকে অবৈধ কাটিং ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে।
এলাকার একাধিক ব্যক্তি জানান, আবুল খায়ের এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তাই তার ছত্রছায়ায় এ এলাকায় অনেক দিন যাবত অবৈধ কাটিং ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করে আসছে। আর এ ড্রেজারের পানি বাইরে বের করতে সরকারি রাস্তা কেটে পাইপ বসানো হয়েছে।
সরকারি রাস্তা কাটার বিষয়ে আবুল খায়ের খাঁন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি রাস্তা কেটেছি, আমিই রাস্তা ঠিক করে দেব। এতে কার কি আসে-যায়।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, আমি একাধিকবার ড্রেজার দিয়ে মাটি কাটাতে নিষেধ করেছি। তাছাড়া কেউ যদি সরকারি রাস্তা কেটে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবির বলেন, আমি মিটিংয়ে আছি। আপনি স্যারের সাথে কথা বলেন। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

০৩ নভেম্বর, ২০২১।