মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে বিসমিল্লাহ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
ক্ষতিকারক ও মেয়াদবিহীন ফুড কালার, ভেজাল ক্যামিকেল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ বিসমিল্লাহ্ ট্রেডার্সকে (মদিনা সুপার আইসক্রিম কারখানা) ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় পাইপ বিনষ্ট করে সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও পুলিশের সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
০৩ নভেম্বর, ২০২১।
