মতলব দক্ষিণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাহফুজ মল্লিক
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনাসভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজিত আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকান্ডের ঘটনায় বিভ্রান্ত না হয়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে উত্তরণের পথ খুঁজবেন। সর্বদা ফায়ার সার্ভিসের কর্মীরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছেন। আওয়ামী লীগ সরকার দুর্যোগ প্রশমনে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন করে যাচ্ছে। বহুতল ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং সঠিক নকশা মেনে ভবন নির্মাণের আহ্বান করেন তিনি।
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ শ্লোগানকে সামনে রেখে দিবসটিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আলম। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনসহ দলীয় নেতা-কর্মী শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মতলব ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নূর আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিকান্ড মহড়াটি পরিচালনা করেন এবং সকলকে অগ্নিকান্ডের ঘটনায় যা যা করণীয় তা সম্বন্ধে জানান। উৎসাহীদের নিজ হাতে অগ্নি-নির্বাপনের কৌশলগুলো ব্যবহারিকভাবে দেখিয়ে দেন।

১৪ অক্টোবর, ২০২১।