মোট আক্রান্ত ১৩
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় আরো একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। তিনি মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার ৮৫ বছরের এক বৃদ্ধ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কায়সার হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে মতলব দক্ষিণে ১৩ জন করোনায় আক্রান্ত হলো।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা যায়, গত ১ জুন ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই ৯ জনের মধ্যে একজনের করোনা পজেটিভ ও ৮ জনের নেগেটিভ ফলাফল আসে। এ নিয়ে উপজেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। টিএন্ডটি এলাকায় আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে আইসিডিডিআর,বি’র এক চিকিৎসক ও তার মেয়ে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আক্রান্ত বৃদ্ধের নাতি সিফাত আহমেদ বলেন, আমার দাদা ঘরেই থাকতেন। তবে নামাজ আদায়ের জন্য মসজিদে যাতায়াত করতেন। ওনার শারীরিক অবস্থা স্বাভাবিকের চেয়ে কিছুটা খারাপ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, মধ্য কলাদী টিএন্ডটি রোডের ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
০৫ জুন, ২০২০।
