মাহফুজ মল্লিক
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু এবং শেষ পর্যন্ত কোন ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৪০০ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১ লাখ ৭৩ হাজার ১৮১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন আওয়ামী লীগের ও অপরজন বিএনপির। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদ (প্রতীক নৌকা)। তিনি ১ লাখ ৪ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস শুক্কুর পাটওয়ারী ধানের শীষে ২ হাজার ৮১০ ভোট পেয়েছেন। যদি আব্দুস শুক্কুর পাটওয়ারী গত রোববার পত্রিকা অফিসে পাঠানো এক বিবৃতিতে এই নির্বাচন বয়কট করেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ, ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরী উচ্চ বিদ্যালয় ও ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা গেছে, অধিকাংশ ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি, নারী ভোটারদের উপস্থিতি কম। দুপুরের পর নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। তবে আজকের নির্বাচনে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ছিল।
উপরোক্ত কেন্দ্র ছাড়াও অন্যান্য কেন্দ্রের খোঁজ নিয়ে জানা যায়, সব কেন্দ্রে আওয়ামী লীগের নৌকার এজেন্ট থাকলেও ধানের শীষের কোন এজেন্ট ছিল না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে বিপুলসংখ্যক আনসার, পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া র্যাব, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স টহলে ছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরো নির্বাচনী এলাকা মনিটরিং করেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করেছেন। ৫৭টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোন কেন্দ্রই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এছাড়া কোন প্রার্থী ও প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আসেনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করায় প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রিটার্নিং অফিসার মোজাম্মেল হক।
২১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে কবির আহমেদ জয়ী
Post navigation
