মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় সোহেল রানা (১৭) হত্যা মামলায় ৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ পত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই চৌধুরী আলম। থানার ওসি স্বপন কুমার আইচ চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি স্বপন কুমার আইচ জানান, মামলাটির আসামি পেয়ারীখোলা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে ফরহাদ মিয়া প্রকাশ ওরফে খলু (১৯), জুলহাস মিয়ার ছেলে মো. রুবেল (২৮) ও ধনু মিয়ার ছেলে মো. মেহেদী (১৭) হত্যাকান্ডে সরাসরি অংশ নেন। তাঁরা এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতও দেন। ওই তিনজনের মধ্যে মো. রুবেল নিহত সোহেল রানার আত্মীয়।
সোহেল রানা হত্যাকান্ডের ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। এতে অভিযুক্ত করা হয় মামলাটির এজাহারভুক্ত ওই তিন আসামিকে। ঘটনার পর মামলা দায়ের করা হলে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, মুঠোফোনের সেট ছিনিয়ে নেওয়ার জন্য গত ১৮ আগস্ট রাতে উপজেলার পেয়ারীখোলা গ্রামের কাঠমিস্ত্রি সোহেল রানাকে পাশের বাড়ির একটি অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। ১৯ আগস্ট ওই গ্রামের একটি পুকুরের পাড় থেকে সোহেলের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন সোহেলের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে কাঠমিস্ত্রি হত্যা মামলার চার্জশিট দাখিল
Post navigation
