মতলব দক্ষিণে জুট মিলস্ পুড়ে ছাই

১৫৫ মেশিন ও মালামালসহ ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে মালামালসহ প্রায় ১৫৫টি মেশিন পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় অবস্থিত জুট মিলে এ দুর্ঘটনা ঘটে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি। কিন্তু পুরো আগুন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্তসাপেক্ষে বলা যাবে। অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং ১০৯২, তারিখ, ২৬/১২/২০২৩ খ্রি.) করেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিফ খান।
হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিফ খান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাকে ফোন করে জানায় মিলে আগুন লেগেছে। পাটের মালামাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে এসে দেখি আগুনে মালামালসহ মিলের ১টি সাপনার, ২টি ব্রেকার, ২টি টিচার কার্ড, ৫টি ড্রইং, ৮টি স্পিনিং, ৩টি রোলার, ৩০টি পিসিশান, ২টি টুইস্ট, ৬৫টি তাত, ১০টি রিপেয়ার তাত, ১টি বৈদ্যুতিক সাব স্টেশন ও ১টি জেনারেটরসহ প্রায় ১৫৫টি ছোট বড় মেশিন কম-বেশি পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০/৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিলের নামে অগ্রণী ব্যাংক, শেরাটন শাখায় ২০ কোটি টাকার ঋণ রয়েছে। এ দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে।

২৭ ডিসেম্বর, ২০২৩।