মতলব দক্ষিণে দুই আসামির ৫ দিনের রিমান্ড

কাঠমিস্ত্রি সোহেল হত্যা

মতলব দক্ষিণে দুই আসামির ৫ দিনের রিমান্ড

মাহ্ফুজ মল্লিক

মতলব দক্ষিণে উপজেলায় পেয়ারীখোলা গ্রামে কাঠমিস্ত্রি সোহেল রানা (১৭) হত্যাকা-ের ঘটনায় আটক ফরহাদ হোসেন ওরফে খলু ও মো. রুবেলকে গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

জানা যায়, গত ১৮ আগস্ট দুর্বৃত্তরা নির্মমভাবে জবাই করে হত্যা করে কাঠমিস্ত্রি সোহেল রানাকে। এ ঘটনায় সোহেলের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোহেল রানা উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের জমির হোসেন প্রধানের ছেলে। সে ঢাকায় একটি আসবাব-পত্রের দোকানে কাঠমিস্ত্রির কাজ করতো। এর আগে এলাকায় অটোরিকশা চালাতো সে। গত ঈদের আগে ঢাকা থেকে সে বাড়ি আসে। ১৮ আগস্ট রাতে তার মামার দেয়া ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল সেট নিয়ে বাড়ি থেকে পাশের বাড়িতে একটি গানের অনুষ্ঠানে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সোমবার দুপুরে ওই গ্রামের (পেয়ারীখোলা) একটি পুকুরের পাড় থেকে তার মাথাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, গত ১৮ আগস্ট উপজেলার পেয়ারীখোলা গ্রামের কাঠমিস্ত্রি সোহেল রানাকে (১৭) জবাই করে হত্যা করে তার মাথা পুকুরের কচুরীপনার নিচে লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। গত ১৯ আগস্ট সোহেলের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি পেয়ারীখোলা গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন ওরফে খলুকে গত ১৯ আগস্ট এবং গত ২০ আগস্ট মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে এ হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তবে গত ২১ আগস্ট ফরহাদ ও রুবেলকে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তারা এ হত্যাকা-ে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। ফরহাদ ও রুবেলকে হত্যাকা-ের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার দুপুরে আবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো বলেন, রিমান্ডে থাকা ফরহাদ ও রুবেলকে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। ৫ দিন পর তাদের ফের ওই আদালতে হাজির করা হবে। এর আগে গত রোববার সোহেল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মেহেদী হাসান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।                                                                                        গত শনিবার রাতে সোহেল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মেহেদী হাসানকে উপজেলার পেয়ারীখোলা গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

২৯ আগস্ট, ২০১৯।