মতলব দক্ষিণে নারী সমাবেশ

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় গ্রামের দরিদ্র নারীদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, নারীর ক্ষমতায়নে মানসম্মত শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা, তথ্যপ্রযুক্তির অবদান পর্যালোচনা এবং ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের আইন ও কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য কার্যালয় যৌথভাবে সমাবেশটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশটিতে ওই সাতটি বিষয়ের ওপর নারীদের প্রাথমিক ধারণা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রোপেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ পার্থ প্রতিম ঘোষ, প্রধান শিক্ষক মো. শাহ জামাল ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন এবং ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও মো. জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, গ্রামের অধিকাংশ নারী অশিক্ষিত বা অল্পশিক্ষিত। তারা স্বাস্থ্য, মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা, তথ্য প্রযুক্তির অবদান, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকদ্রব্যের আইন ও কুফল সম্পর্কে তেমনভাবে অবহিত নন। এসব বিষয়ে তাদের অবগত ও সচেতন করা নৈতিক দায়িত্ব। এসব বিষয়ে সচেতন হলে গ্রামের দরিদ্র ও অসহায় নারীরা নানা ভাবে এগিয়ে যাবেন। ভালোভাবে বাঁচতে পারবেন। এ কারণে তাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে নাগদাসহ আশপাশের গ্রামগুলোর দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।