
শিশুদের ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে
………. উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
তিনি বলেন, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কাছে শিক্ষাক্ষেত্রে তাদের যতটুকু দেয়ার ক্ষমতা রয়েছে, তার চেয়ে বেশি চাওয়ার জন্য নানা চেষ্টা করি। তাদের খেলার সময় বই নিয়ে বসানো, রাত জেগে পড়ানো এবং শাসন করা আমাদের অবধারিত রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এতে আসলে বস্তুঃত কিছুই হয় না। আমাদের মনে রাখতে হবে, আপনার এত পরিশ্রমের ফলে আপনার সন্তান হয়ত ভাল ফলাফল অর্জন করবেন, কিন্তু আদৌ মানুষ হবে কি। আমাদের প্রয়োজন শিশুদের ভাল মানুষ হিসেবে তাকে তৈরি করা। এজন্য শিশুদের তাদের নিজের মতো করে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। তাকে শাসন করবেন, যখন সে আপনার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবে বা অন্য কোন খারাপ কাজে জড়িত হবে এর বাইরে নয়।
তিনি নিজের জীবনের অনেক উদহারণ দিয়ে বলেন, পরীক্ষা শেষে স্কুল থেকেই বের হলেই আপনারা শিশুদের প্রশ্ন নিয়ে কাঠগড়ায় দাড় করান। কিন্তু আমি দেখেছি, আমার মা ও বাবা আমি পরীক্ষা দিয়ে বাসায় গেলেই প্রশ্নটি হাত থেকে নিয়ে রেখে দিতেন। যাতে এটি নিয়ে পুনরায় কোন আলোচনা না করতে হয়। আমাদের মনে রাখতে হবে আমাদের ফলাফল বড় কিছু নয়, বরং আমি কতটুকু শিখতে পেরেছি, সেটাই বড় কথা। তবেই আমি আমার বাস্তব জীবনে তার প্রতিফলন দেখতে পাবো।
গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরউজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্যা আল আমিন, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন লাকি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামান ও পরিচালক মামুন হোসাইন।
আলোচনা শেষে পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
