মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের ওয়ালীউল্লাহ পাঠানের ছেলে মো. লিটন পাঠান (৪৫) এবং একই ইউনিয়নের হুরমহিষা গ্রামের আলী আর্শ্বাদের ছেলে মো. রাসেল প্রধান (২৮)।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত দু’জনের মরদেহ সেফটিক ট্যাংকি থেকে উদ্ধার করেন। পরে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও এলাকায় কচুয়া উপজেলার দোঘর গ্রামের আবুল বাসারের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নেন লিটন। আর তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছিলেন রাসেল। ঘটনার দিন সকালে সেফটিক ট্যাংকের সেন্টারিং খুলতে যান লিটন ও রাসেল। প্রথমে লিটন ট্যাংকের ভিতরে ঢুকে সেন্টারিং খুলছিলেন। একপর্যায়ে লিটনের সাড়াশব্দ না পেয়ে রাসেলও ভিতরে প্রবেশ করেন। পরে দুইজনেই লুটিয়ে পড়েন ট্যাংকের ভিতরে। পরে বাড়ির মালিক তাদের সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন নিয়ে এগিয়ে যান। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমাদের খবর দেওয়া হয় যে, নারায়ণপুর বাজারের পাশে একটি সেফটিক ট্যাংকে ২ জন শ্রমিক আটকা পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে লাশ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে আবুল বাশারের নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে লিটন ও রাসেল নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
২১ আগস্ট, ২০২২।
