মুজিববর্ষে দেশ থেকে অনাচার দূর হবে
…….নুরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, মুজিববর্ষে দেশ থেকে সব অনাচার দূর হবে, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। গত ১১ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় নিউ হোস্টেল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। গ্রাম আর শহরের বৈষম্য হ্রাস পাবে। গুটিকতেক লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হবে না। মুজিববর্ষে সারা দেশের শহরে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে স্বাধীনতার সত্য ইতিহাস। বঙ্গবন্ধুর অবদান এবং দর্শন, আদর্শ, চিন্তা-চেতনা; যা বাঙালি জাতিকে স্বাধীনতাপূর্ব সময়কালে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এ কথাটি তরুণ প্রজন্মের মনে গেঁথে দিতে হবে। তাদের জানাতে হবে বঙ্গবন্ধু কেন একটি স্বাধীন দেশ চেয়েছিলেন, কেন তিনি জীবনের সব সুখভোগ বিসর্জন দিয়ে শুধু একটি পতাকার জন্য আজীবন সংগ্রাম করেছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, মতলব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল-ফারাধি, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তাকাম্মু, তাসনীম জিনাত রুমি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।
