মতলব দক্ষিণে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের পুরস্কার বিতরণ

প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি করাই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য
……….. নুরুল আমিন রুহুল এমপি

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, প্রতিযোগিতার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তৃণমূল থেকে ফুটবল উন্নয়নের এ বিশাল কাজটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১ জুন দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টর উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ছেলে-মেয়েদের ফুটবলে যে সম্ভাবনার হাতছানি সবকিছুই প্রধান উৎস বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এত বড় ফুটবলযজ্ঞের পরও সেটাকে কাজে লাগাতে পারছে না বাফুফে। বিশ্বের কোনো দেশের সরকার তাদের ফেডারেশনকে এভাবে প্রতিভা খোঁজার ক্ষেত্র তৈরী করে দেয় কি না সেটাও গবেষণার বিষয়। কারণ চলমান আয়োজনে যে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে, তারা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্বল করবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
এ সময়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ান নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও রানারআপ নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন রুহুল এমপি।

০৩ জুন, ২০২১।