হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ১৮ মামলায় ৭,১০০ টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ১৮ মামলায় নগদ ৭ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২ জুন) দুপুরে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, এ দিন দুুপুরে আলীগঞ্জ বাজারে বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মোটর-সাইকেলে হেলমেট পরিধান না করাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৮টি মামলায় ৭ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় মাস্কবিহীন পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে চলার জন্য চালক ও যাত্রীদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, সড়ক পরিবহন আইন এবং কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি ঘোষিত সব বিধি-নিষেধ মেনে যানবাহন যাত্রী পরিবহণ করতে হবে।

০৩ জুন, ২০২১।