মাহফুজ মল্লিক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি হলেন মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়ন বর্তমান চেয়ারম্যানরা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নের দলীয় অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার প্রতীক পাওয়ার জন্য ৪ ইউনিয়নের একাধিক প্রার্থী জেলা, উপজেলা ও কেন্দ্রে যে যার মতো করে তদবির করেছেন। কে পাচ্ছেন নৌকার টিকিট? এ নিয়ে আলোচনা- সমালোচনা, গ্রুপিং, লবিং ছিল গত ৩/৪ দিন যাবৎ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরের পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটে। এতে বর্তমান চেয়ারম্যানদেরই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলটির শীর্ষ পর্যায়ের নির্ভরযোগ্য তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা গত সোমবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের একদিন পর মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম (ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে আব্দুস সালাম মৃধা মামুন (ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি), উপাদী উত্তর ইউনিয়নে শহীদ উল্লাহ প্রধান (আওয়ামী লীগ সমর্থক) এবং উপাদী দক্ষিণ ইউনিয়নে গোলাম মোস্তফা (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।
উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ১শ’ ৪৭ জন। তার মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শ’ ২১ জন (পুরুষ ৮১২৮ এবং নারী ৮১৯৩)। নায়েরগাঁও দক্ষিণে মোট ভোটার ২০ হাজার ৮শ’ ৯৩ (পুরুষ ১০৬৪৪ এবং নারী ১০২৪৯)। উপাদী উত্তর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫শ’ ৬০ জন (পুরুষ ১১৬৫৩ এবং নারী ১০৯০৭)। উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শ’ ৭৩ জন (পুরুষ ১০২৯২ এবং নারী ৯০৮১)।
তৃতীয় দফার তফসিল মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
২৭ অক্টোবর, ২০২১।
