চাঁদপুরে ইউপি নির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এস এম সোহেল
দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে ১৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৩ জন ও সাধারণ পুরুষ ওয়ার্ডে ৯ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭৯ জন ও সাধারণ পুরুষ ওয়ার্ডে ৩৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রত্যাহারের শেষ দিনে রামপুর ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ৪ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় নৌকা প্রতীকের আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে। প্রার্থীতা প্রত্যাহার করেছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. আলতাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান, ইঞ্জি. মো. ইকবাল হোসেন পলাশ ও মো. দিদার হোসেন।
এছাড়া তরপুরচন্ডী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. মারুফ সর্দার এবং স্বতন্ত্র মোহাম্মদ আলম খান তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় নৌকা প্রতীকে প্রার্থী ইমাম হাসান রাসেল গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে।
অন্যদিকে হানারচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজি আব্দুস ছাত্তার রাঢ়ী ও মো. নাছির মাঝি, চান্দ্রা ইউনিয়নে ২ জন, বাগাদী, আশিকাটি, শাহ্মাহমুদপুর, মৈশাদী ও বিষ্ণুপুর ইউনিয়নে ১ জন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

২৭ অক্টোবর, ২০২১।