
মাহফুজ মল্লিক
রাত পোহালেই মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন। কাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৭টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ১ জন ঋণ খেলাপির দায়ে বাতিল এবং ১ জন স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যহার করে নেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ফেরদৌসী বেগম রুনুও নির্বাচিত হতে যাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর মধ্যে এম এ আজিজ বাবুল ও মেহেদী হাসান রকি তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। অপর ৪ জন প্রার্থী মো. ফারুক পাটোয়ারী, মুবিন সুজন, মোস্তফা কামাল রনি ও বাদল ফরাজী তাদের প্রতীক পাওয়ার পর থেকে প্রচার প্রচারণা চালান। হঠাৎ করে মো. ফারুক পাটোয়ারী ও বাদল ফরাজী দলের উচ্চ পর্যায়ে নিদর্শনা পেয়ে তাদের প্রচারণা বন্ধ করে দেন। এদিকে মোস্তফা কামাল রনি ও মুবিন সুজন গতকাল শনিবার পর্যান্ত প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন।
নির্বাচনের ব্যালটে ৪ জন প্রার্থী থাকলেও ভোট যুদ্ধে লড়াই হবে মোস্তফা কামাল রনি (প্রতীক বই) ও মুবিন সুজনের (প্রতীক তালা) মধ্যে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ৪ স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
