ফরিদগঞ্জে ক্যামেরা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় খুদে শিশুরা

মো. মমিন হোসেন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার সময় নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এরই মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচন নিয়ে চলছে বিভিন্ন রকমের আলোচনা, পছন্দের প্রার্থীদের ও প্রতীক নিয়ে চায়ের দোকানগুলোতে চলছে ভোটের টকশো।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে ফরিদগঞ্জ পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ডের হাজি আব্দুর রশিদ মিয়াজির বড় মেয়ে মাজুদা বেগম ক্যামেরা মার্কা নিয়ে নির্বাচন করছেন।
উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে দেখা যাচ্ছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। ফরিদগঞ্জ উপজেলার গ্রাম, মহল্লা, হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মুখোরিত হচ্ছে নির্বাচনী প্রচারণায়, নুতন ভোটারদের মাঝে দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। এতে লক্ষ্য করা যাচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্যামেরা মার্কা এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, ক্যামেরা মার্কায় প্রার্থী মাজুদা বেগম ফরিদগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জালাল আহাম্মেদের ছোট বোন। জালাল আহাম্মেদ নিজস্ব তহবিল থেকে ফরিদগঞ্জ উপজেলাজুড়ে বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন।
ক্যামেরা প্রতীকের প্রার্থী মাজুদা বেগম এ প্রতিনিধিকে জানান, আমার নির্বাচনী এলাকায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আমি নির্বাচিত হলে সব পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করবো। তিনি আরো জানান, উপজেলার জনগণ এবং প্রশাসনকে সাথে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা থেকে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ সব প্রকার অপরাধ দমন করে ফরিদগঞ্জ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো। তিনি আশাবাদী- আসছে ২৪ মার্চ ক্যামেরা মার্কা বিপুল ভোটে জয়ী হবে।