মতলব দক্ষিণে ভোক্তা-অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছ। সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার মুন্সীরহাট বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য দ্রব্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা গুণতে হয়।
এসময় তারা বলেন, সব মুদী দোকানদার মূল্য তালিকা আপডেট রাখবেন। এ নিয়ম যেন সবসময় মেনে চলে এবং দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় সে ব্যাপারে আইনানুগ পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির মূল্যও যাচাই করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রি করতে সব ব্যবসায়ীদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া করোনা-ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

১০ মে, ২০২০।