মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৫ জুলাই) দুপুরে জনসাধারণের মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে ২ হাজার ৩শ’ ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায়, ওই দিন ওই বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর (মাস্ক ব্যবহার) শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মুবিন সুজন, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সবাইকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি। আজ মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ৭ জনকে জরিমানা করা হয়েছে।
১৫ জুলাই, ২০২০।

