হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বাকিলা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে দু’দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের হাজি বাড়ি প্রকাশ হক সাহেবের বাড়ির মৃত ছায়েদ আলীর বড় ছেলে।
এর আগে এদিন সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নজু মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।
জানা গেছে, নজরুল ইসলাম নজু দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি নিজ বাড়ি বাকিলার খলাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
বুধবার বাদআছর বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা ও সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারাবারিক গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, নজরুল ইসলাম নজু ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বাকিলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি একই পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
১৫ জুলাই, ২০২০।
